প্রধান বিচারপতি বললেন

মানবাধিকার সুরক্ষায় বিচার বিভাগ বদ্ধপরিকর

আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৫:২৫ এএম

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান বিচারপতি কানাডার হাইকমিশনারকে অবহিত করেন যে, বাংলাদেশের বিচার বিভাগ মানবাধিকারের সর্বোচ্চ সুরক্ষা প্রদানে বদ্ধপরিকর রয়েছে। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি ও কানাডার হাইকমিশনার পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও কানাডার মধ্যকার ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকালে কানাডার হাইকমিশনার সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণের বিষয়ে প্রধান বিচারপতি গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি (কানাডার হাইকমিশনার) আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও  ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়া দেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে কানাডা বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত মর্মে প্রধান  বিচারপতিকে অবহিত করেন তিনি। প্রধান বিচারপতি কানাডার হাইকমিশনারকে চব্বিশের জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং উভয় দেশের বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত