শৈলকূপায় সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৯:০১ পিএম

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামে সাপের কামড়ে অপু বিশ্বাস (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। 

শনিবার (১২ জুলাই) ভোরে শৈলকূপা উপজেলার ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কলেজছাত্র ব্রহ্মপুর গ্রামের সেকেন্দার জোয়ার্দ্দারের ছেলে। শৈলকূপা থানার ওসি মাসুম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শৈলকূপা সিটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল অপু বিশ্বাস (১৯)। শুক্রবার দিবাগত রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় অপু বিশ্বাসের হাতে সাপে দংশন করে। পরে সে তার বাবাকে হাতে জ্বালা-যন্ত্রণা হচ্ছে বলে জানায়। পরিবারের লোকজন তাকে ওঝার কাছে নিয়ে ঝাঁড়ফুক করে। এক পর্যায়ে শারীরিক অবস্থার অবণতি হলে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তারপর পরিবারের লোকজন সেখান থেকে রোগীকে আবারো ওঝার কাছে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনত হলে পরে তাকে কুষ্টিয়া মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, শনিবার ভোরে অপুকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। রোগীর শারীরিক লক্ষণ দেখে আমরা নিশ্চিত হই, তাকে সাপে দংশন করেছে। এখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত