উপ-প্রেস সচিব বললেন

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা হবে

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৭:৫৫ এএম

নির্বাচনের আগে দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। গতকাল শনিবার বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সঙ্গে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। সে লক্ষ্যে সরকার কাজ করছে। আর কাউকেই ছাড় দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করছে। যখনই কোনো ঘটনা ঘটছে, তখনই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছিল। ধীরে ধীরে সরকার পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। 

সভায় সাংবাদিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়েও আশ্বাস দেন উপ-প্রেস সচিব। তিনি বলেন, ‘নির্বাচনের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকরা যেন হয়রানির শিকার না হন, সে জন্য একজন নির্ধারিত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে। সাংবাদিকদের প্রতি প্রশাসনের কোনো রাগ-অনুরাগ নেই।

সাংবাদিকদের স্বাধীনতার প্রসঙ্গ টেনে উপ-প্রেস সচিব বলেন, ‘গত এক বছরে বাংলাদেশ গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা হয়েছে। সাংবাদিকদের নামে দায়ের হওয়া হয়রানিমূলক মামলাগুলোও প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে কোনো গণমাধ্যম বন্ধ নয়, বরং নতুন চ্যানেল চালু হচ্ছে। পুরনো গণমাধ্যমগুলো কোনোটি খুলেছে আর কোনো কোনোটি খোলার প্রক্রিয়া চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত