মাদারীপুরে চলন্ত ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক কলেজছাত্রী প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে পৌর ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়শা সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট এলাকার বাসিন্দা জামাল শিকদারের মেয়ে। তিনি খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রির শেষ বর্ষে পড়তেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর দুজন যুবক—সিহাব মাদবর ও মামুন খানকে আটক করা হয়েছে। এদের মধ্যে সিহাব নিহতের পূর্বপরিচিত ও কলেজ বন্ধু বলে জানা গেছে।
পুলিশ ও পরিবারের সদস্যদের ভাষ্যমতে, শনিবার বিকেলে আয়শা তাঁর মামাতো বোন রহিমা আক্তারকে সঙ্গে নিয়ে ইজিবাইকে করে কেনাকাটার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে শহরের পুরানবাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে তাঁর বন্ধু সিহাব মাদবর ও মামুন খান ইজিবাইকে ওঠেন। পৌরসভা ভবনের সামনে পৌঁছালে হঠাৎ চলন্ত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে যায়, ফলে আয়শার গলায় শ্বাসরোধ হয়। সঙ্গে সঙ্গে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে ছুটে যায়। পুরো ঘটনা সন্দেহজনক মনে হওয়ায় ইজিবাইকে থাকা সিহাব ও মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আয়শার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, “প্রাথমিকভাবে জানা গেছে, ওই শিক্ষার্থীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। ইজিবাইকে থাকা দু’জন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চালককে শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এবার নিজেকেই তিনবার ‘স্টুপিড’ বললেন গাভাস্কার
শিবচরে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার 