কাশ্মীরিদের স্বাধীনতা সংগ্রামে সমর্থন দিয়ে যাবে পাকিস্তান: শাহবাজ শরিফ

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১০:২২ এএম

কাশ্মীর শহীদ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীনতার সংগ্রামে তাঁর দেশ আগের মতোই রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন দিয়ে যাবে।

রবিবার প্রকাশিত এই বার্তায় তিনি বলেন, ‘এই দিনটি কাশ্মীরের মুসলিমদের অটল মনোবল ও অত্যাচারের বিরুদ্ধে তাদের প্রতিরোধের প্রতীক। স্বাধীনতা, মানবাধিকার ও কাশ্মীরিদের অধিকার রক্ষার সংগ্রাম ইতিহাসজুড়ে অব্যাহত রয়েছে।’

প্রতিবছর ১৩ জুলাই ‘কাশ্মীর শহীদ দিবস’ হিসেবে পালন করা হয়। ১৯৩১ সালের এই দিনে জম্মু ও কাশ্মীরে ডোগরা বাহিনীর বর্বর হামলায় প্রাণ হারান ২২ জন কাশ্মীরি। তাদের স্মরণেই দিবসটি পালন করা হয়।

বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘কাশ্মীরের জনগণ আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের ন্যায়সঙ্গত সংগ্রামে জীবন উৎসর্গ করে আসছে। পাকিস্তান সরকার ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীরের মুসলিমদের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে।’

শাহবাজ শরিফ আরও বলেন, ‘যুগ যুগ ধরে ভারতীয় দখলদারিত্বে শহীদ হওয়া কাশ্মীরিদের সাহস ও দৃঢ়তাকে সম্মান জানায় পাকিস্তান। ইসলামাবাদ জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান এবং জম্মু ও কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত