২০১০ থেকে ২০২০—এই এক দশকে বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী ২৫ বছরের মধ্যে বিশ্বের সর্বাধিক মুসলিম জনগোষ্ঠীর দেশ হয়ে উঠবে ভারত—এমনটাই উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক সাম্প্রতিক প্রতিবেদনে।
পিউ-এর বিশ্লেষণে দেখা গেছে, ২০১০ সালে বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার অনুপাত ছিল ২৩ দশমিক ৯ শতাংশ, যা ২০২০ সালে বেড়ে দাঁড়ায় ২৫ দশমিক ৬ শতাংশে। এক দশকে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে প্রায় ৩৪ কোটি ৭০ লাখ। যা অন্য যেকোনো ধর্মাবলম্বীর চেয়ে বেশি হারে বৃদ্ধি। এই বৃদ্ধির পেছনে প্রধানত উচ্চ জন্মহারকে দায়ী করেছে সংস্থাটি। যদিও ধর্মান্তরকরণ কিছুটা ভূমিকা রাখলেও তার প্রভাব তুলনামূলকভাবে নগণ্য।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেই সবচেয়ে বেশি হারে মুসলিম জনসংখ্যা বেড়েছে। পিউ রিসার্চ পূর্বাভাস দিয়েছে, ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা ২৮০ কোটিতে পৌঁছাবে। একই সঙ্গে এই সময়ের মধ্যে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে মুসলিম জনসংখ্যার দিক থেকে শীর্ষে অবস্থান নেবে ভারত।
এদিকে, পিউ-এর তথ্যে উঠে এসেছে হিন্দু জনসংখ্যারও বিশ্লেষণ। ২০১০ থেকে ২০২০—এই সময়ের মধ্যে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে ১২ শতাংশ, যা বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির গড় হারের সমান। বর্তমানে বিশ্বের মোট হিন্দু জনগণসংখ্যা ১২০ কোটি, যা বৈশ্বিক জনসংখ্যার ১৪ দশমিক ৯ শতাংশ। তবে ভারতের ক্ষেত্রে হিন্দুদের অনুপাত কিছুটা কমেছে। ২০১০ সালে ভারতের মোট জনসংখ্যার ৮০ শতাংশ ছিল হিন্দু, যা ২০২০ সালে নেমে এসেছে ৭৯ শতাংশে। একই সময়ে মুসলিমদের অনুপাত ১৪ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৫ দশমিক ২ শতাংশ। সংখ্যাগত দিক থেকে এ দশকে ভারতে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৩ কোটি ৫৬ লাখ। এর প্রধান কারণ হিসেবে পিউ দেখিয়েছে অধিক প্রজনন হারের বিষয়টি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা ২০১০ সালে ছিল ২১৮ কোটি, যা ২০২০ সালে বেড়ে হয়েছে ২৩০ কোটি। যদিও শতাংশের হিসাবে তাদের অনুপাত ৩০ দশমিক ৬ থেকে নেমে দাঁড়িয়েছে ২৮ দশমিক ৮ শতাংশে।
বৌদ্ধদের ক্ষেত্রেও জনসংখ্যা হ্রাস পেয়েছে উল্লেখযোগ্যভাবে। বিশেষজ্ঞরা মনে করছেন, চীনে বৌদ্ধদের সংখ্যা বেশি হলেও, সে দেশে কঠোর জন্মনিয়ন্ত্রণ নীতির কারণে বৌদ্ধ জনগোষ্ঠীর বিস্তার বাধাগ্রস্ত হয়েছে।
আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, মুসলিমদের পর জনসংখ্যা বৃদ্ধির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ধর্মে অবিশ্বাসীরা বা নাস্তিকরা। গত এক দশকে এই শ্রেণির মানুষ বেড়েছে ২৭ কোটি, যার ফলে বর্তমানে বিশ্বে নাস্তিক জনসংখ্যা ১৯০ কোটিতে দাঁড়িয়েছে। পিউ-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার ২৪ দশমিক ২ শতাংশ মানুষ কোনো ধর্ম মানেন না।
দলে শুদ্ধি অভিযান চালাবে বিএনপি
দুপুর পর্যন্ত যেসব অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস