সড়কের বেহাল দশা, আনারস রোপণ করে প্রতিবাদ

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৯:১১ পিএম

চলাচলের অযোগ্য বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সড়ক পোর্টরোডের সংস্কারের দাবিতে ব্যতিক্রমী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও আড়তদাররা।

রবিবার সকালে আয়োজিত এই মানববন্ধন শেষে তারা প্রতিবাদের অংশ হিসেবে রাস্তায় আনারস রোপণ করেন, যা মুহূর্তেই সবার দৃষ্টি কাড়ে।

মানববন্ধনে বক্তারা বলেন, বহুদিন ধরে বরিশাল সিটির পোর্টরোডের করুণ অবস্থার কথা জানিয়ে এলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃষ্টির পর রাস্তায় জলাবদ্ধতা, ভাঙাচোরা ইট, কাঁদা এবং যান চলাচলের অনুপযোগী পরিস্থিতি ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ পথচারীদেরও চরম ভোগান্তিতে ফেলছে।

বক্তারা আরও বলেন, আমরা বারবার আবেদন জানিয়েছি। কিন্তু প্রতিবারই শুনেছি ‘শিগগিরই কাজ শুরু হবে’। সেই ‘শিগগিরই’ আর আসে না। তাই এবার আমরা প্রতিবাদের ভাষা বদলে, রাস্তায় ফলের গাছ রোপণ করে বোঝাতে চেয়েছি—এই রাস্তা যেন আর রাস্তা নেই, যেন এখন বাগান!

ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে এক বক্তা বলেন, দ্রুত যদি সংস্কারকাজ শুরু না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা। এই আন্দোলন শুধু আড়তদারদের নয়, পুরো বরিশাল নগরবাসীর স্বার্থে। এই সড়ক বরিশালের অন্যতম অর্থনৈতিক লাইফলাইন।

প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ অ্যাগ্রিকালচার মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং এতে সভাপতিত্ব করেন বরিশাল পোর্টরোড ফল ও আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান জাকির। কর্মসূচিতে বিভিন্ন আড়তদার, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত