খুলনায় হত্যাকান্ডের তিন দিন আগে থেকেই খুনিদের নজরদারিতে ছিলেন যুবদল নেতা মাহবুবুর রহমান ওরফে মাহবুব। হত্যাকান্ডের দিন শুক্রবার সকাল ১১টা থেকে একটি মোটরসাইকেলে মাহবুবের বাড়ির সামনেও কয়েকবার টহল দিয়েছিল খুনিরা। দুপুর দেড়টার দিকে নিরিবিলি পরিবেশে মাহবুব যখন তার প্রাইভেটকার ধোয়ামোছা করছিলেন, ঐ সময়ই তাকে হত্যা করা হয়। যুবদল নেতা মাহবুব হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার চরমপন্থি দলের সোর্স সজল শেখ (২৮) প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে চাঞ্চল্যকর এ তথ্য জানিয়েছে।
এদিকে গতকাল রবিবার দুপুর সাড়ে ৩টার দিকে নগরীর দৌলতপুর থানা পুলিশ গ্রেপ্তার সজল শেখকে আরও জিজ্ঞাসাবাদের জন্য খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ফরিদুজ্জামানের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
নগরীর দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, মাহবুব হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে গত শনিবার রাত ২টার দিকে সজল শেখকে মহেশ^রপাশা পশ্চিমপাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজল শেখ জানায়, সে চরমপন্থি দলের সোর্স হিসেবে কাজ করত। গত শুক্রবার প্রকাশ্য দিবালোকে যুবদল নেতা মাহবুব হত্যাকান্ডে সে সরাসরি জড়িত ছিল না। তবে ঘটনার সময় আশপাশে নজরদারি করেছে। মাহবুবের বাড়ির অদূরে একটি চায়ের দোকানে বসে সে মাহবুবের অবস্থানের তথ্য খুনিদের জানিয়েছে। তার তথ্যের ভিত্তিতে মোটরসাইকেল আরোহী তিন দুর্বৃত্ত মাহবুবকে গুলি ও দুই পায়ের রগ কেটে হত্যা করে। তিনি জানান, জিজ্ঞাসাবাদে সজল শেখ জানিয়েছে, হত্যাকা-ের তিন দিন আগে থেকেই খুনিরা মাহবুবের ওপর নজরদারি রেখেছিল। হত্যাকা-ের দিন শুক্রবার সকাল ১১টা থেকে একটি মোটরসাইকেলে তারা মাহবুবের বাড়ির সামনেও কয়েকবার টহল দিয়েছিল। দুপুর দেড়টার দিকে নিরিবিলি পরিবেশে মাহবুব যখন তার প্রাইভেটকার ধোয়ামোছা করছিলেন ওই সময়ই তাকে হত্যা করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজল শেখ হত্যাকান্ড সম্পর্কে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে তদন্তের স্বার্থে সেগুলো বলা সম্ভব হচ্ছে না। এদিকে, দুই দিন রিমান্ড মঞ্জুরের পর গতকাল থেকেই সজল শেখকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে।
অন্যদিকে, ‘খুলনায় অব্যাহত খুন, সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্যে পরিণত করার প্রতিবাদে’ গতকাল বিকেল ৪টায় নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি।
