বরগুনায় নির্বাচন অফিসে আগুন, পুরে গেল ব্যালট বাক্স-ভোটার তালিকা

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৫:১৭ পিএম

বরগুনা জেলা নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের হিসাব শাখার একটি রুমে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র, পুরোনো ভোটার তালিকা, ব্যালট বাক্স, কম্পিউটার, ফ্রিজ ও আসবাবপত্র পুড়ে গেছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সকালবেলা নাইটগার্ড দায়িত্ব শেষ করে যাওয়ার কিছুক্ষণ পর পরিচ্ছন্নতাকর্মী কাজ করতে গিয়ে একটি রুমের ভিতর থেকে কটকট শব্দ শুনতে পান। তিনি তাৎক্ষণিকভাবে অন্যান্যদের বিষয়টি জানালে তারা এসে আগুন জ্বলতে দেখেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে সকাল ৭টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বরগুনা ফায়ার সার্ভিসের একটি দল।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন শুধুমাত্র হিসাব শাখার একটি রুমে সীমাবদ্ধ ছিল। মূল স্টোর যেখানে প্রচুর মালামাল ছিল তা ক্ষতিগ্রস্ত হয়নি।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যেহেতু নাইটগার্ডসহ অন্য কর্মচারীরা অফিসে ছিলেন তদন্তের মাধ্যমেই বিষয়টি স্পষ্ট হবে।

বরগুনা জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান বলেন, পরিচ্ছন্নতাকর্মী কাজ করছিল। এ সময় একটি রুম থেকে কটকট শব্দ শুনে অন্যদের জানালে তারা এসে একটি রুমে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সে সময় অনেকেই ঘুমিয়ে ছিল, যে কারণে ওই রুমটি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্য রুমগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছে। তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে অফিসের বাকি অংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত