কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৬:২১ পিএম

২৪ ঘণ্টার ব্যবধানে নেত্রকোনার কলমাকান্দায় পুকুর ও ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের গোঁড়াগাও গ্রামে দুই বছরের শিশু রাব্বি মিয়া ও রবিবার বিকালে পোগলা ইউনিয়নের পোগলা গ্রামে জাভেদ নামের দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পরিবারের অজান্তে রাব্বি মিয়া বাড়ির পাশে পুকুরে নেমে যায়। শিশুটি ওই গ্রামের কামাল মিয়ার ছেলে। অনেকক্ষণ শিশুকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি করে স্বজনরা। পরে পুকুরে শিশুটি ভেসে উঠলে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

এদিকে রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের পোগলা গ্রামের সাগর মিয়ার ছেলে জাভেদ মিয়া বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। অনেকক্ষণ পর বাড়ির লোকজন শিশুকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। পরে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ ঘোষ তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, প্রায়শই এই এলাকায় শিশু মৃত্যুর খবর পাই। অভিভাবকদের সচেতন হতে হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আল মামুন বলেন, এই দুটি মৃত্যু ছাড়াও গত দুই মাসে চারজন শিশুর মৃত্যু হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত