এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী মারা গেছেন

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১২:৪৫ পিএম

প্রবীণ শিল্পপতি, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে পরিচিত করা বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সাঈদ হোসেন চৌধুরী কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা, ভাষাসৈনিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক হেদায়েত হোসেন চৌধুরীর সন্তান। তিনি কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিশিষ্ট রাজনীতিবিদ সাবের হোসেন চৌধুরীর বড় ভাই।

দেশের অন্যতম চা রপ্তানিকারক প্রতিষ্ঠান এইচআরসি গ্রুপের কর্ণধার হিসেবে সাঈদ হোসেন চৌধুরী চা শিল্পের উন্নয়নে রেখেছেন অসাধারণ ভূমিকা। তার প্রতিষ্ঠিত এইচআরসি গ্রুপ শুধু চা-ই নয়—পর্যটন, জাহাজ নির্মাণ, আবাসন, পরিবহন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে, যেখানে কর্মসংস্থান হয়েছে বহু মানুষের।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও তিনি দেশের প্রতিনিধিত্ব করেছেন। স্পেনে বাংলাদেশের সাবেক অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করে কূটনৈতিক মহলেও তিনি মর্যাদার আসনে আসীন ছিলেন। আন্তর্জাতিক নানা সংস্থা ও ফোরামের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে তিনি বিদেশি বিনিয়োগ ও বাণিজ্যিক সম্ভাবনার প্রসারে কাজ করেছেন।

শিল্পোদ্যোক্তা হলেও তিনি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ছিলেন নিবেদিতপ্রাণ। শিক্ষাখাত, স্বাস্থ্যসেবা এবং দারিদ্র্য দূরীকরণে তার বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হয়েছে বহুবার।

দেশি-বিদেশি বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত এই ব্যবসায়ীকে বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়। তার কর্মগুণে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী, ব্যবসায়ী সমাজ, কূটনৈতিক মহল এবং রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত