দুমকিতে দু’টি সুইচগেটই কৃষকের গলার কাটা

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৬:১০ পিএম

পটুয়াখালীর দুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বেরিবাঁধের দু’টি সুইচগেটই এখন কৃষকের গলার কাটা হয়ে দাড়িয়েছে। বঙ্গোপসাগরের নিণ্মচাপের প্রভাব ও আষাঢ়ের টানা বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে কয়েকশ’ হেক্টর জমির আউশ ও আমনের চাষাবাদ মারাত্মকভাবে ব্যহৃত হচ্ছে।

উপজেলার আংগারিয়া বন্দর সংলগ্ন পাউবো’র ওয়াপদায় এবং শ্রীরামপুর ইউনিয়নের গাবতলি সুইচগেট দু’টি ব্যবহারের অযোগ্য ও দীর্ঘদিন বন্ধ থাকায় ভয়াবহ জলাবদ্ধতায় ডুবে আছে ফসলের ক্ষেত। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতায় আউশ ও আমনের চাষাবাদে কৃষকরা বার বার মার খাচ্ছে। চলতি মৌসুমের আউশ ও আমন ধানের আবাদ নিয়ে কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে।  

দক্ষিণ দুমকি গ্রামের কৃষক মো. জাহাঙ্গীর হাওলাদার বলেন, টানা বর্ষায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারনে আউশ ফসল ও আমনের বীজতলা নষ্ট হচ্ছে। 

এলাকার কৃষক মো. জাকির হোসেন জানান, অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারনে আউশ ধানের ফসল হানীর আশঙ্কা ও বীজতলা ডুবে থাকায় রোপা আমনের বীজ সংকটের আশঙ্কায় কৃষকরা উদ্বিগ্ন হয়ে পরেছেন। পাউবোর সুইচগেট দু’টির অব্যবস্থাপনা ও অকেজো হয়ে বন্ধ থাকায় কৃষকদের চাষাবাদে চরম দুর্ভোগের অন্যতম কারন হয়ে দেখা দিয়েছে। 

পূর্ব কার্ত্তিকপাশা গ্রামের কৃষক রাজ্জাক হাওলাদার, মো. মোশারফ হোসেন ও আবুল হাসেম খা জানান, গাবতলি সুইচগেটই খুলে না দিলে কৃষকদের ফসল উৎপাদনে মারাত্মকভাবে ব্যহৃত হবে। কৃষকরা বার বার সুইচগেটই দু’টি সচল ও খুলে দেয়ার জন্য স্থানীয় ইউপি সদস্যের কাছে গেলেও কাজ হয়নি বলে অভিযোগ করেছেন। আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম জলিশা ও সাতানীর কৃষকরা স্থানীয় ইউপি সদস্যের কাছ থেকে সুইচগেট খোলার ব্যপারে উল্লেখযোগ্য তেমন কোন সুবিধা পায়নি বলে অভিযোগ করেছেন। অপরদিকে গাবতলির সুইচগেটটিও বন্ধ থাকায় জলাবদ্ধতার ভয়াবহ আকার ধারণ করেছে। জরুরী ভিত্তিতে জলাবদ্ধতা নিরসন করতে অবিলম্বে খুলে দেয়ার দাবি জানিয়েছেন কৃষকরা।  

এ বিষয়ে দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, পানি নিষ্কাশনের জন্য দ্রুত সুইচগেট দুটি খুলে দেয়া দরকার। এজন্য পাউবো‘ কর্তৃপক্ষকে টেলিফোনে বার বার অনুরোধ জানানো হলেও এখন পর্যন্ত খোলার উদ্যোগ নেয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, কৃষকদের অভিযোগের ভিত্তিতে দ্রুত সুইচগেট দুটি খুলে দেয়ার জন্য পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। যতদ্রুত সম্ভব সুইচগেট দুটো খুলে দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত