‘যারা স্বাধীনতার বিরোধিতা করেছে আজ তারাই দেশের কথা বলে। তারা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছে। তারা ভুলে গেছে বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তারেক রহমান। তার নিদের্শনায় গত ১৭ বছর এদেশে লড়াই করেছে জাতীয়তাবাদী সৈনিকরা। তিনি আমাদের ধৈর্য্য ধরতে বলেছেন, তাই সবাই চুপ করে আছে। তবে আর যদি একটা কটূক্তি করা হয় তাহলে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।’ মঙ্গলবার বিকাল ৪টায় বগুড়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ খোকন পার্কে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন বক্তারা।
সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
সমাবেশে বক্তারা আরও বলেন, ‘স্বাধীনতা বিরোধীরা ভোটে আসেন, লড়াই করেন। যাদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই তারাই এখন উল্টাপাল্টা কথা বলে। আমরা তাদের সাবধান করে দিতে চাই। আগামীতে নির্বাচন হবে। সেই নির্বাচনই প্রমাণ করবে জনগণ কাদের চায়।’
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাসার।
সমাবেশ শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের ২৪টি ইউনিটের নেতাকর্মীর বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
