কুয়েটের বিভিন্ন অনিয়ম তদন্তে ইউজিসির কমিটি

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৭:৪৪ এএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত এক বছরে বিধি-বহির্ভূত নিয়োগ, আর্থিক অনিয়ম, এবং প্রশাসনিক অসঙ্গতিসহ বিভিন্ন মাধ্যমে উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্তের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এই অভিযোগগুলোর মধ্যে রয়েছে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, পদোন্নতিতে পক্ষপাতমূলক আচরণ, এবং আর্থিক তহবিলের অপব্যবহারের অভিযোগ। গত সোমবার ইউজিসির পাবলিক বিশ^বিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মাহিবুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।

কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন ইউজিসির সদস্য (প্রশাসন) বিভাগের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মো. সাইদুর রহমান। কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন ইউজিসির উপ-সচিব (লিগ্যাল) এবং সিনিয়র জেলা ও দায়রা জজ প্রশাসন বিভাগের নুরনাহার বেগম শিউলী। এ ছাড়া, কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এই তদন্ত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদানের জন্য ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সহকারী পরিচালক সেহজাদ রিফাত সিয়ামকে নিয়োগ দেওয়া হয়েছে। গঠিত কমিটিকে অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত পরিচালনা করে আগামী এক মাসের মধ্যে ইউজিসির কাছে বিস্তৃত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে, তদন্তের স্বার্থে কমিটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যেকোনো নথি, আর্থিক হিসাব, নিয়োগ সংক্রান্ত রেকর্ড, এবং অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে এবং প্রয়োজনে সেগুলোর অনুলিপি সংগ্রহ করতে পারবে। এ ছাড়া, কমিটি তদন্তের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বা অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার ক্ষমতা রাখবে। তদন্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিটি কুয়েটের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করবে।

এ বিষয়ে কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিচুর রহমান ভূঁইয়া বলেন, ‘আমরা এখনো তদন্ত কমিটির গঠন সংক্রান্ত অফিস আদেশের কোনো আনুষ্ঠানিক অনুলিপি পাইনি। তবে, আমরা শিগগিরই একজন উপাচার্য নিয়োগ পেতে যাচ্ছি। নতুন উপাচার্য নিয়োগের পর তার নির্দেশনা অনুযায়ী তদন্ত কমিটিকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে। এ ছাড়া, উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান অনুসারে আমরা তদন্ত কমিটিকে তাদের কাজে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব।’

এদিকে, উপর্যুক্ত বিষয় এবং ইউজিসির স্মারকের পরিপ্রেক্ষিতে, কুয়েটে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, এবং কর্মচারীদের মাসিক বেতন-ভাতাদি প্রদানের জন্য ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানকে সাময়িকভাবে আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে। এই ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত