গোপালগঞ্জে পুলিশের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১১:২৬ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে ঘিরে গোপালগঞ্জে উত্তেজনা দেখা দিয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ সদস্যদের ওপর চড়াও হওয়ার পাশাপাশি একটি গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়।

ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ছাত্রলীগের নেতাকর্মীরা এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করেন এবং পরে তাকে ধাওয়া করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির চলমান ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ শহরের পৌর পার্কে পদযাত্রা হওয়ার কথা রয়েছে। এতে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। সেই কর্মসূচি ব্যাহত করতে উলপুর এলাকায় ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে একটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে।’

তিনি জানান, এখন পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে মাসব্যাপী কর্মসূচি পালন করছে এনসিপি। ১ জুলাই থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলায় ইতোমধ্যে পদযাত্রা করেছে দলটি। গতকার বুধবার কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে আয়োজন ছিল পদযাত্রার।

গতকাল মঙ্গলবার উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে গোপালগঞ্জের পদযাত্রার তথ্য জানিয়ে পোস্ট দেন। এরপর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ আরও কয়েকজন নেতা এই কর্মসূচি নিয়ে সামাজিক মাধ্যমে বক্তব্য প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত