২০২৪ সালের ১৬ জুলাই-এ ‘চলে আসুন ষোল শহরে’ সামাজিক মাধ্যমে এমন আহ্বান জানিয়ে আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন কক্সবাজারের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। রাষ্ট্রবিরোধী দমন-পীড়নের বিরুদ্ধে দাঁড়ানো সেই সাহসী ছাত্রনেতার প্রথম শাহাদাৎবার্ষিকীতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (১৬ জুলাই) শহীদ ওয়াসিম আকরামের কক্সবাজার পেকুয়ার নিজ বাড়িতে যান জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সেখানে শহীদ ওয়াসিমের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি ওয়াসিমের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ওয়াসিম আকরামের ‘চলে আসুন ষোল শহরে’ আহ্বান কেবল কোটা সংস্কার আন্দোলনের জন্য ছিল না। তার ডাক ছিল অবৈধ শাসনের অবসান ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের গণআন্দোলনের ধারাবাহিকতায় সেই ডাকে সাড়া দিয়ে তিনি শহীদ হন।
তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য, জুলাই ও আগস্ট মাসে শহীদ হওয়াদের মধ্যে শহীদ আবু সাঈদ ও মুগ্ধর নাম পাঠ্যপুস্তকে স্থান পেলেও শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে ওয়াসিমের নাম এখনো অন্তর্ভুক্ত হয়নি। যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ওয়াসিম জীবন দিয়েছেন, সেই বৈষম্য এখনো রয়ে গেছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক দাবি করেন, জাতীয়তাবাদী ছাত্রদলের মোট ১৪২ জন নেতাকর্মী বিভিন্ন আন্দোলনে শহীদ হয়েছেন। বিশেষ করে একটি গুপ্ত সংগঠন যারা এখন বিভিন্ন প্রোপাগান্ডায় উড়িত রয়েছে তারা জুলাই-আগস্টে আদৌ আন্দোলন করেছে কিনা জনমনে সন্দেহ আছে। এবং শহীদ ওয়াসিমকে ভিন্ন দৃষ্টিতে দেখার পেছনে সেই গুপ্ত সংগঠনের তৎপরতা থাকতে পারে বলে আমরা মনে করছি।
শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মুহাম্মদ ইয়াহিয়া সহ ছাত্রদলের সহ-সভাপতি সহ-সভাপতি আরিফুর ইসলাম, কাজী জিয়া উদ্দীন বসেত, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বায়জিদ হোসাইন, মাসুম বিল্লাহ ও রাজু আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদল ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।
এছাড়াও আজ বেলা তিনটায় চট্টগ্রাম ২ নাম্বার গেইটস্থ বিপ্লব উদ্যানের দক্ষিন পাশের রাস্তা সংলগ্ন শপিং কমপ্লেক্স এর সামনের রাস্তায় শহীদ ওয়াসিম সহ সকল শহীদের স্বরণে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
গোপালগঞ্জে এনসিপি সমাবেশ মঞ্চে ছাত্রলীগের হামলা
‘নৌকা’ প্রতীক সরানো নিয়ে যা বলল ইসি সচিবালয়