পাওয়ার-প্লেতেই শ্রীলঙ্কার ৩ উইকেট শিকার বাংলাদেশের

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৮:০৪ পিএম

শুরুর আভাস ছিল রানের ঝড়ের। তবে ৬ ওভার পার হতেই পাল্টে গেছে দৃশ্যপট। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে শ্রীলঙ্কা। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে এখন ক্রিজে টিকে থাকার লড়াইয়ে লঙ্কানরা। পাথুম নিশাঙ্কা ২৮ রান করে লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্তে টিকেই থাকতে পারছেন না ব্যাটাররা। চারিথ আসালাঙ্কা রয়েছেন ১ রানে অপরাজিত।

বল হাতে ম্যাচের শুরুটা করেছেন শরিফুল ইসলাম। ওভারের প্রথম বলেই এসেছে বাউন্ডারি। দ্বিতীয় বলেও রান তিন। এর মাঝেই আলো প্রতিফলনের কারণে আম্পায়ারকে নিজের হাতঘড়ি খুলতে অনুরোধ করেন কুশল মেন্ডিস।

চতুর্থ বলে দুর্দান্ত ফিল্ডিংয়ের পরও ঠেকানো যায়নি চার। তবে ওভারের শেষ বলেই ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগে দাঁড়ানো তাওহিদ হৃদয়ের হাতে ধরা পড়েন মেন্ডিস (৪ বলে ৬)। বাংলাদেশ পায় প্রথম সাফল্য।

দ্বিতীয় ওভারে এসে নিজের ছন্দে ফেরেন একাদশে ফেরা মেহেদী হাসান। প্রথম চার বলে ৫ রান দেওয়ার পর পঞ্চম বলেই স্লিপে তানজিদের হাতে ক্যাচ বানিয়ে কুশল পেরেরাকে ফেরান শূন্য রানে।

এরপর চতুর্থ ওভারে আরও একবার জ্বলে ওঠেন মেহেদী। এবার ফিরিয়ে দেন অভিজ্ঞ দিনেশ চান্ডিমালকে। মাত্র ৫ বল খেলে ৪ রান করা এই ব্যাটারকেও ফাঁদে ফেলেন অফ স্পিনার।

তৃতীয় ওভারে একের পর এক সুযোগ সৃষ্টি করেও উইকেট পায়নি বাংলাদেশ। ওভারের শেষ বলে পাথুম নিশাঙ্কাকে রান আউট করার সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু তিনি ঠিক সময়েই পৌঁছে যান। এরপর চতুর্থ ও ষষ্ঠ বলে তানজিম ও মোস্তাফিজ হাতছাড়া করেন আরও দুটি কঠিন ক্যাচ।

যদিও সুযোগ মিস হলেও দিশা হারায়নি বাংলাদেশ। চাপ ধরে রেখে পরপর উইকেট তুলে নিয়ে শুরুতেই ম্যাচে দারুণ দাপট দেখিয়েছে লাল-সবুজ শিবির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত