গাজীপুরে বিএনপি নেতার নামে মামলা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৫:০৬ পিএম

পূর্ব শত্রুতার জেরে গাজীপুর সদর উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বানোয়াট মনগড়া ভিত্তিহীন তথ্য দিয়ে মামলা ও অপপ্রচারের প্রতিবাদে ঢাকার-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

বিএনপি স্থানীয় নেতাকর্মীরা জানান, বিএনপি নেতা ইসলাম উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার নামে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কোনো প্রকার তদন্ত ছাড়াই বিএনপির এই নেতা নামে মামলাটি এজাহারভুক্ত করে। অপরদিকে বিএনপি নেতা ইসলাম উদ্দিনের পক্ষে লোকজন প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়। চার দিনেও এই মামলাটি পুলিশ রেকর্ড না করায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার-সাফারি পার্ক রোডে অটোরিকশা স্ট্যান্ডে চাঁদা ওঠানো নিয়ে দুই পক্ষের উত্তেজনা চলছিল। এ ঘটনায় সদর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনকে প্রধান আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।

জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ জানান, বাঘের বাজার অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি ও হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি শহীদুল্লাহকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপরপক্ষের দেওয়া অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ ব্যাপারে বিএনপি নেতা ইসলাম উদ্দিন বলেন, গত ১১ জুলাই অটোরিকশা স্ট্যান্ডের চাঁদা ওঠানো এবং বাধা দেওয়ার ঘটনায় স্থানীয় দুটি পক্ষের মধ্যে বাকবিতন্ডার হয়। এ সময় তিনি শ্রীপুর উপজেলায় বিএনপির একটি কর্মসূচিতে ছিলেন। তিনি বলেন, ওই ঘটনার সাথে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই এবং এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লী বলেন, ঘটনার দিন আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন আমার সঙ্গে দলীয় একটি কাজে শ্রীপুরে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত