বগুড়ার শেরপুরে পূর্ব বিরোধের জের ধরে চাচা-ভাতিজার ওপর সংঘবদ্ধ হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ১৮ জুলাই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোছা. লাবলী খাতুন (৩৮) উপজেলার কুসুম্বি ইউনিয়নের মালিহাটা গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় মো. মিজানুর রহমান ও তার ভাতিজা মুঞ্জুরুল ইসলাম বোর্ডের হাট থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা মালিহাটা গ্রামে পৌঁছালে অভিযুক্ত লাবলী খাতুনসহ আরও সাতজন পূর্ব শত্রুতার জেরে তাদের পথরোধ করে।
এরপর তারা দুইজনকে মারধর করে গুরুতর জখম করে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় রাতেই মিজানুর রহমানের বাবা আব্দুল কুদ্দুস (৭৬) থানায় মামলা দায়ের করেন।
এরপর পুলিশ অভিযান পরিচালনা করে রাত একটার দিকে মালিহাটা গ্রামের নিজ বাড়ি থেকে লাবলী খাতুনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. মঈনুদ্দিন বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
