বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১০ জন, চট্টগ্রামে ৪৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা উত্তর সিটিতে ১০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৯ জন এবং ময়মনসিংহে ১ জন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ১০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ১১৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৩৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৬১ জনের।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর (২০২৩) ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের এবং আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
