‘বিএনপির নামে চাঁদাবাজি করতে গেলে গুলি করে দেব’

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১১:১৮ এএম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন বলেছেন, নির্বাচন ঘনিয়ে আসছে, আপনারা তৈরি হয়ে যান। তাদের দেখিয়ে দেন আমরা মানুষের কল্যাণে কাজ করছি। আল্লাহর রহমতে নিরঙ্কুশ ভোটে বিজয় লাভ করে বিএনপি ক্ষমতায় আসবে। তার মধ্য দিয়ে ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত হবে। কোনো রকম গুণ্ডামি-পাণ্ডামি দিয়ে নয়, কাজের মাধ্যমেই জনগণকে আমরা বাঁচিয়ে রাখব। যদি কেউ আমাদের নাম ব্যবহার করে এসব (চাঁদাবাজি-সন্ত্রাস) করতে যায়, তাহলে সর্বপ্রথম আমি তাদের গুলি করে দেব।

শুক্রবার (১৮ জুলাই) বিকালে ফেনী শহরের প্রেসক্লাবের সামনে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি। 

অধ্যাপক জয়নাল আবেদিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা করি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন। বিএনপি ক্ষমতায় আসলে এসব হত্যাকাণ্ড চালাবে না। তাদের কাউকে অনুসরণ করে যদি বিএনপির কোনো নেতাকর্মী সন্ত্রাস-চাঁদাবাজি বা খুন-খারাবি করে তাহলে তাৎক্ষণিক দল থেকে বহিষ্কারের নির্দেশ রয়েছে। কোনো গুণ্ডা-পাণ্ডা নিয়ে বিএনপি রাজনীতি করবে না। 

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ মজুমদার, মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ খালেক, গাজী হাবিব উল্ল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত