পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাংলো সংলগ্ন পুকুরে সামুদ্রিক মাছ ইলিশ ও তাড়িয়াল ধরা পড়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে পুকুরে জাল টানার সময় এ মাছ ধরা পড়ে। স্থানীয়দের মধ্যে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই আশ্চর্য হয়ে পুকুরে পাওয়া ইলিশ ও তাড়িয়াল মাছ দেখেতে ও ছবি তুলেতে সেখানে ভীড় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে বেরজাল দিয়ে মাছ ধরার সময় ৯ ইঞ্চি লম্বা, ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশ পাওয়া যায়। একই জালে ধরা পড়ে এক ফুট লম্বা একটি সামুদ্রিক তাড়িয়াল মাছ।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলোর পুকুরের সঙ্গে ভাটা-জোয়ারের পানি ওঠানামা করে এমন একটি খালের সরাসরি সংযোগ রয়েছে। সেই খাল দিয়েই হয়তো ইলিশ ও তাড়িয়াল মাছটি পুকুরে প্রবেশ করেছে। খালগুলো যদি পরিষ্কার রাখা যায়, তাহলে ভবিষ্যতে আরও বেশি সামুদ্রীক মাছের আগমন ঘটবে। এটি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের একটি বড় প্রমাণ।
