চট্টগ্রাম নগরে নির্মাণাধীন ১১ তলা ভবনের ৯ তলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাতে নগরের কোতোয়ালী থানায় নিহত শ্রমিক ফখরুল ইসলামের বাবা মো. সেলিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।
মারা যাওয়া শ্রমিকেরা হলেন- নোয়াখালীর চরজব্বার এলাকার ফিরোজ গোয়ালের ছেলে মো. হাসান, একই জেলার সেলিমের ছেলে ফখরুল ইসলাম এবং আবুল কালামের ছেলে রাশেদ।
এর আগে শুক্রবার দুপুরে কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। ওই ভবনের শ্রমিক মো. নুরুল আলম সংবাদমাধ্যমকে বলেন, রঙ্গম কনভেনশন হল ভবনটি ১১ তলার। ওই তিন জন ৯ তলায় কাজ করছিলেন। হঠাৎ তিন জনই একসঙ্গে নিচে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পর দুই জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম জানান, মামলাটির তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
