রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সচিব রুমানা আফরোজের বিরুদ্ধে ঠিকাদারদের বিল অনুমোদনে ইচ্ছাকৃত গড়িমসি ও অসদাচরণের অভিযোগ উঠেছে। এ নিয়ে ঠিকাদাররা আগামী ২৩ জুলাই থেকে রাসিকের সব উন্নয়ন কাজ বন্ধের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি সচিবের অপসারণ ও স্থায়ী প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন তারা।
রবিবার (২০ জুলাই) সকাল ১১টায় ‘রাজশাহীর সচেতন নাগরিক সমাজ ও রাসিক ঠিকাদারবৃন্দ’-এর ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঠিকাদার তরিকুল ইসলাম স্বপন।
তিনি বলেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ও সচিব রুমানা আফরোজ সেবাগ্রহীতাদের ভোগান্তি বাড়িয়েছেন। তারা দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক অস্বচ্ছ কাজে জড়িয়েছেন। সচিব ফ্যাসিস্ট ধাঁচের আচরণ করছেন। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ও জনভোগান্তি থেকে আমরা মুক্তি চাই।
স্বপন আরও বলেন, সচিব এপ্রিলে যোগদানের পর থেকেই সেবাগ্রহীতাদের হয়রানি করছেন। উন্নয়ন কাজের বিলের ফাইল মাসের পর মাস অকারণে আটকে রাখছেন। বিলের জন্য তার কাছে গেলেও তিনি ঠিকাদারদের সঙ্গে অসদাচরণ করেন। বিল পেতে বিলম্বের কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো আর্থিক সংকটে পড়েছে, কাজের গতি কমেছে। এতে ট্রাফিক জ্যামসহ নানা সমস্যা সৃষ্টি হচ্ছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, কর্মকর্তাদের অবহেলা ও খামখেয়ালিতার কারণে রাসিকের বিদ্যুৎ বিল জমা দেরিতে দেওয়ায় আড়াই লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে। তারা সময়মতো অফিসে আসেন না, জনগণের সমস্যা শুনতে চান না। যেসব ফাইল তিন-চার দিনে শেষ হওয়ার কথা, সেগুলো মাসের পর মাস পড়ে থাকে। আমরা এ ভোগান্তি থেকে মুক্তি চাই।
সংবাদ সম্মেলনে বলা হয়, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী ২৩ জুলাই থেকে সব উন্নয়ন কাজ বন্ধ করে দেওয়া হবে। এছাড়া ২৭ জুলাই নগর ভবনের সামনে মানববন্ধন করা হবে।
সংবাদ সম্মেলনে বেলাল খান, তৌহিদুল ইসলাম, আজিজুল হক ভুঁইয়া, গাজী সালাহউদ্দীন, ইয়াহিয়া খান, রেজাউল ইসলাম, মো. আমিন, মো. শওকত প্রমুখ উপস্থিত ছিলেন।
