বাধা দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) থামানো যাবে না বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার (২০ জুলাই) চট্টগ্রামে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, আপনারা দেখেছেন— জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সত্য উন্মোচন করেছেন। সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের বাধা দেওয়া হচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, বাঁশখালীতে আমাদের এনসিপির সহযোদ্ধার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই। এই লড়াইয়ে জিততে হবে।
এছাড়া বাধা দিয়ে এনসিপি ও তারুণ্যের শক্তিকে থামানো যাবে না বলে মন্তব্য করেন তিনি।
এসময় এনসিপির আহ্বায়ক বলেন, চট্টগ্রাম ফ্যাসিস্টদের তাড়িয়েছে, নতুন করে কেউ ফ্যাসিস্ট হতে চাইলে চট্টগ্রাম প্রতিরোধ করবে।
লড়াই সংগ্রামে চট্টগ্রামের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি, অর্থনীতির লাইফলাইন। যদি চট্টগ্রামের দিকে কেউ চোখ তুলে তাকায় সমগ্র বাংলাদেশ বিদ্রোহ ঘোষণা করবে।
এর আগে বিকেল থেকে দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে সমাবেশে যোগ দিতে নগরীর বিভিন্ন ওয়ার্ড এবং আশপাশের উপজেলা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। মিছিলে মিছিলে কানায় কানায় পরিপূর্ণ হয় সমাবেশ স্থল। রাত আটটায় সমাবেশ স্থলে পৌঁছায় পদযাত্রা। এরপর একে একে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা।
