ইশরাককে ‘দায়িত্বশীল আচরণ’ করার আহ্বান সারজিসের

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০১:২৫ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপি নেতা ইশরাক হোসেনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ইশরাকের ভাষাকে ‘রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও অপরিপক্ব’ আখ্যা দিয়ে বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা চাইলে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।’

আজ সোমবার (২১ জুলাই) ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, তর্কের খাতিরে ধরে নিলাম এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির সালাহউদ্দিন আহমেদকে নিয়ে যা বলেছেন; সেখানে ব্যক্তি আক্রমণ করা হয়েছে। যেটা রাজনৈতিক শিষ্টাচারের সঙ্গে যায় না। যদিও তিনি নাম উল্লেখ করেননি। কিন্তু তার পরিপ্রেক্ষিতে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ একজন মুখপাত্র ইশরাক হোসেন গতকাল তার বক্তব্যে যা বলেছেন তার উল্লেখযোগ্য কিছু লাইন যদি একটু দেখি-

ইশরাক হোসেনের বক্তব্যের উল্লেখযোগ্য অংশগুলো ছিল:
১. যেখানে মব (বৈষম্যবিরোধী, ছাত্রজনতা ও এনসিপিকে টার্গেট করে) দেখবেন, সেখানে তাদের উলঙ্গ করে উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন।
২. নাসীরুদ্দীন পাটওয়ারী নামের একটা বেয়াদব, বদমাইশ ছেলে।
৩. এই ডার্বি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন। তা নাহলে আপনাদের রাজনৈতিকভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতির ইতি আমরা সেখানে টেনে দেবো।
৪. রাজনীতি অনেক দূরের কথা, এদের প্রাইমারি স্কুলে পাঠিয়ে দেয়া উচিত।
৫. ফেব্রুয়ারি থেকে নির্বাচন যদি একদিনও পেছানোর চেষ্টা করে তাহলে এই সরকারকে আমরা এক ঘণ্টাও রাখবো না।
৬. অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট কী? কিছুই না।

সারজিস আলম তার পোস্টে লিখেন, ইশরাক হোসেনের বক্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীর চেয়েও কয়েকগুণ নিচু স্তরের। এতে রাজনৈতিক শ্রদ্ধাবোধের অভাবই শুধু নয়, আওয়ামী লীগের অতীতের রূঢ় ভাষার অনুকরণও দেখা গেছে। তিনি ক্ষমতার অপব্যবহারের ক্ষোভ ঝেড়েছেন, যা রাজনৈতিক অপরিপক্বতার প্রকাশ।

তিনি আরও যোগ করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা চাইলে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বড় দল হিসেবে বিএনপির দায়িত্বও বেশি।

এদিকে আজ সকালে চট্টগ্রামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস আরও বলেন, ইশরাক হোসেনের সাম্প্রতিক আচরণ ও ভাষা রাজনৈতিক শালীনতা থেকে বিচ্যুত। তিনি যেন আবার জুলাই অভ্যুত্থানের সময়কার গঠনমূলক ভূমিকায় ফিরে আসেন, সেটাই প্রত্যাশা। তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখন হরতালের নামে যেসব চোরাগোপ্তা হামলা ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তা আমরা কেয়ার করি না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত