রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে অন্তত ৫০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে উত্তরায় বিমান বিধ্বস্তে আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারিতে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় তারা আহতদের খোঁজখবর নেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিতে চিকিৎসকদের সাথে পরামর্শ করেন। সোমবার বিকালে জামায়াতের ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
