প্রায় ১১ মাস পর গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। যা চলতি বছরসহ গত বছরের ২ সেপ্টেম্বরের পর সবচেয়ে বেশি লেনদেনের রেকর্ড গড়েছে। এদিন লেনদেনের সঙ্গে বেড়েছে সবকটি মূল্যসূচক। তবে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিসংখ্যক প্রতিষ্ঠান। সবশেষ গেল বছর ২ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৫ কোটি টাকা। এর একদিন পর ৩ সেপ্টেম্বর লেনদেনের পরিমাণ ছিল ৭২৬ কোটি টাকা।
এদিকে ডিএসইর পাশাপাশি গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে। জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৫ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৯ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৮ দশমিক শূন্য ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৭টি কোম্পানির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত আছে ৫৫টির। এদিন ডিএসইতে মোট ৮৬০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৭৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬৭ দশমিক শূন্য ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮৯৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৯৬ দশমিক শূন্য ৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৭২ পয়েন্টে, শরিয়াহ সূচক ৯ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ৯৩০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১১২ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৭৫ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২৫৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০২টি কোম্পানির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির। সিএসইতে ১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
