ঈশ্বরগঞ্জে মদের চালানসহ যুবককে পুলিশে দিল জনতা

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৫:৩০ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মদের চালানসহ মো. হাবিবুল্লাহ আল মামুন (২২) নামে এক যুবককে ধরে পুলিশে তুলে দিয়েছে জনতা। আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে যুবককে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। তার আগে গতকাল মঙ্গলবার  দিনগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মামুনকে ধরে পুলিশের হাতে তুলে দেয় জনগণ।

গ্রেপ্তারকৃত যুবক মামুনের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের শিমুলিয়া গ্রামে। তিনি গ্রামের কাজিমুদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ একটি মামলা দায়ের করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার  দিনগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের উপজলা সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যালয়ের সামনে মদের চালান নিয়ে সিএনজি থেকে নামেন ওই যুবক। তার সন্দেহজনক ঘোরাফেরা ও জিজ্ঞাসাবাদে সঠিক উত্তর দিতে না পারলে তার সঙ্গে থাকা ব্যাগে মদের চালান রয়েছে বুঝতে পেরে যুবককে ধরে পুলিশে দেয় উপস্থিত জনতা।

জানা গেছে,পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ থেকে রনি নামের একজন ১০ বোতল মদের একটি চালান হাবিবুল্লাহ আল-মামুনের নিকট শম্ভুগঞ্জ পাঠায়। মামুন শম্ভুগঞ্জ থেকে সিএনজি করে ঈশ্বরগঞ্জের উদয় নামের একজনকে চালানটি দিতে আসে। সিএনজি থেকে নামতেই তাকে ধরে পুলিশে দেয় জনগণ।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে  দ্রুত ঘটনাস্থলে থানা-পুলিশ উপস্থিত হয়ে জনগণের সহযোগিতায় মামুনকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত