লক্ষ্মীপুরের রামগতিতে রাস্তা থেকে রিনা আক্তার (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।। বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হকবাজার অদূরে চরসীতা বেড়িবাধেঁর ওপর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিনা কমলনগর উপজেলার পাটারীরহাট ইউনিয়নের ওমান প্রবাসী জয়নাল আবদিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী রিনার সাথে একই উপজেলার চরফলকন ইউনিয়নের পালোয়ান বাড়ির মো. হেলালের সম্পর্ক ছিল। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় রিনাকে ডেকে এনে হাজিরহাট বাজারে এক জায়গায় রেখে সরে যায় হেলাল।
ধারণা করা হচ্ছে ওই রাতে রিনা একাধিকবার ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন। বুধবার ভোরে হেলাল রেখে যাওয়া স্থান থেকে রিনাকে নিতে আসে। ওই সময় তারা হাজিরহাট থেকে রামগতির দিকে যাচ্ছিলেন।। পথিমধ্যে চরবাদাম ইউনিয়নের হক বাজার এলাকায় তাদের মধ্যে ঝগড়া হয়। এর কিছুক্ষণ পরে রিনার মরদেহ বেড়িবাঁধের ওপর পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু নয়। এ বিষয়ে তদন্ত চলছে।’
