এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের যখন ঢাকা পোড়া যাচ্ছে, তখন আ. লীগ আসছে আলু পোড়া খেতে। মাইলস্টোনে যে ঘটনাটি ঘটেছে সেটি নিরপেক্ষ তদন্ত হতে হবে। তদন্ত হতে হতে হবে কেন ধৈর্য ভাঙা বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের সরকারকে জবাবদিহি করতে হবে কেন মাইলস্টোন মাইলস্টোনের শিক্ষকদের নির্যান্ত করা হয়েছে। লাশের সংখা নিয়ে যে বিভ্রান্ত তৈরি হয়েছে সেটি স্পষ্ট করতে হবে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে এক সভায় তিনি এসব কথা বলেন। জুলাই পদযাত্রার ২৩তম দিনে কুমিল্লা জেলা ও মহানগর এনসিপি এ সভার আয়োজন করে।
তিনি বলেন, আ. লীগ ফিরে আসলে আপনাদের ৪ কোটি সন্তানকে বাঁচিয়ে রাখবে না তারা। আপনি বিএনপি-জামায়াত করেন আমার সমস্যা নাই, কিন্তু আ. লীগের সাথে সখ্যতা আমরা মেনে নেব না। এই কুমিল্লাতে বিএনপি-জামায়াতকে নির্যাতিত করা হয়েছে আ.লীগ দ্বারা। তাই কুমিল্লাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
হাসনাত আবদুল্লাহ বলেন, হাসিনা দম্ভ করে বলেছিলেন, কুমিল্লার নামের আগে কু রয়েছে, এই কুমিল্লা নামে বিভাগ করা যাবে না। আমরা হাসিনাকে উৎখাত করেছি এবং কুমিল্লা নামেই বিভাগ হবে। আমরা বলতে চাই, কুমিল্লা হবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র ক্যান্টনমেন্ট।
তিনি বলেন, রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়েছে কুমিল্লা। কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল। কুমিল্লার উন্নয়ন কুমিল্লার মানুষের টাকাতেই হয়েছে। কুমিল্লার মানুষ রেমিটেন্সযোদ্ধা। কুমিল্লায় উন্নয়নের নামে যে বিনিয়োগ হয়েছে তা একটি দলের পকেট ভারি করার জন্য। আমরা কুমিল্লার মানুষেরা রাষ্ট্রীয় বঞ্চিতের শেষ চাই।
তিনি আরো বলেন, আমরা আগে উত্তরবঙ্গকে বঞ্চিত মনে করতাম। কিন্তু, উত্তরবঙ্গ ঘুরে আমরা কুমিল্লায় এসে দেখি কুমিল্লায় ঠিক করে টানা দুই কিলোমিটার রাস্তা ঠিক নাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, সরকার এগুলো ঠিক না করলে আমরা নিজেরা টাকা তুলে তা ঠিক করব। ক্যান্টনমেন্ট থেকে সিলেট রোড নাকি মহাসড়ক। কিন্তু এখানে দুটো বাস একসাথে ক্রস করতে পারে না।
কুমিল্লাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের লড়াই শেষ হয় নাই। কুমিল্লাবাসী আপনারা ঐক্যবদ্ধ হোন।
তিনি বলেন, হাসিনার দুশ্চিন্তার বিষয় ছিল কুমিল্লা। কুমিল্লাতে সম্প্রীতির বন্ধন নষ্ট হতে দেওয়া যাবে না। কুমিল্লাবাসী আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে৷ কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট।
এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিপা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহবায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হাফসা জাহান, এনসিপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন জামিল সৌরভ, এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলা আহবায়ক সিরাজুল ইসলাম।
এর আগে সভার শুরুতে, ঢাকায় এসময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার প্রতি শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ এবং সভাটিকে শোকসভা ঘোষণা করা হয়।
