জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুউদ বলেছেন, আমাদের ব্যবসায়ীরা নিরাপদ নেই। চাঁদা না দিলে তাদেরকে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়। আমরা একটি নিরাপদ বাংলাদেশের জন্য বারবার জীবন দিচ্ছি কিন্তু আমাদের দেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হচ্ছে না। এক চাঁদাবাজ খেদাই আরেক চাঁদাবাজ এসে হাজির হয়।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা টাউনহল মাঠে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও শোল র্যালী শেষে সমাবেশের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা স্বাভাবিক মৃত্যুর অধিকার চাই। যেভাবে আমাদের মায়েরা আমাদের স্বাভাবিকভাবে জন্ম দিয়েছে। স্বাধীন বাংলাদেশে আমরা স্বাভাবিক মৃত্যুর অধিকার চাই। কিন্তু আমরা প্রতিদিন ঘর থেকে বের হই রাতে জীবিত ঘরে ফিরব কিনা এই নিশ্চয়তা আমাদের নেই।’
তিনি আরও বলেন, ‘কথা একটাই বারবার শোক যাত্রা না, আজ থেকে আমাদের দাবি হবে একটাই এই বাংলাদেশের জনগণ, স্বাধীন দেশের জনগণ স্বাভাবিক মৃত্যুর অধিকার চাই। স্বাভাবিকভাবে জন্ম নিয়েছি স্বাভাবিকভাবে মরতে চাই, কোন দুর্ঘটনায় মরতে চাই না।’
হান্নান মাসউদ বলেন, ‘আমাদের রাস্তায় নিরাপত্তা নেই। ফিটনেসবিহীন গাড়ি আমাদেরকে চাপা দিয়ে চলে যায়। আমাদের হসপিটালে নিরাপত্তা নেই আমরা ভালো চিকিৎসা পাই না। শ্রেণিকক্ষে নিরাপত্তা নেই বিমান এসে আমাদের ছাত্র-ছাত্রী ভাইবোনদের হত্যা করে চলে যায়।’
তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা ঘরে নেই, সেখান থেকে আমাদেরকে ধরে নিয়ে গুম করা হয়। যখন আমাদের ডাক্তাররা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা কিন্তু মেয়াদোত্তীর্ণ ঔষধ দিয়ে আমাদেরকে হত্যা করে। পুরো দেশটাই দুর্নীতিতে ভরে গিয়েছে।’
এসময় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
