সচিবালয় অভিমুখে কফিন মার্চ করবে ইনকিলাব মঞ্চ

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৭:৪০ এএম

৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষিত না হলে আগামী ৩ আগস্ট সচিবালয় অভিমুখে কফিন মার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। গতকাল বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদী। কফিন মার্চে প্রত্যেক উপদেষ্টার জন্য একটি করে কফিন রাখারও ঘোষণা দিয়েছে জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক গড়ে ওঠা প্ল্যাটফর্মটি।

বিন হাদী বলেন, ‘ইতিপূর্বে জুলাই সনদ ঘোষণার লক্ষ্যে একাধিকবার সময় নিয়েও সনদ ঘোষণা না করা মূলত জুলাই অভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল। যেকোনো উপায়ে ৩১ জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করতে হবে। ঘোষণার অন্তত দুই দিন আগে সনদের খসড়া ওয়েবসাইটে প্রকাশ করতে হবে জনসাধারণের জন্য। যদি তা না করা হয়, তাহলে ৩ আগস্ট দুপুর ১২টায় শাহবাগ থেকে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশে সর্বাত্মক কফিন মার্চ অনুষ্ঠিত হবে।’

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা প্রসঙ্গে হাদী বলেন, লাশ গুম নিয়ে যে প্রচারণা চলছে তা আসলে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। বর্তমানে বাংলাদেশে কোনোভাবেই লাশ গুম করা সম্ভব নয়। এটা কোনো আন্দোলনে গুলি করে হত্যা নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত