বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় আসছে চীনের বিশেষজ্ঞ দল

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১২:২৬ পিএম

রাজধানীর উত্তরায় সামরিক বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন রোগীদের সহায়তায় জরুরি চিকিৎসক দল পাঠাচ্ছে চীন। ঢাকায় চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাঁচ সদস্যের বিশেষজ্ঞ এই দল আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে চলমান অন্তর্বর্তী সরকারের অনুরোধের ভিত্তিতে চীন বার্ন চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সদের সমন্বয়ে দলটি পাঠাচ্ছে। তারা ঢাকায় পৌঁছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা ও অবস্থা মূল্যায়ন করবেন।

চীনের তরফ থেকে পাঠানো আরেক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পর ২৪ জুলাই সকালে দুই দেশের চিকিৎসকদের মধ্যে ভিডিও কনসালটেশন অনুষ্ঠিত হয়। এতে কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বিশেষজ্ঞরা বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে যুক্ত ছিলেন।

আলোচনায় অংশ নেন বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি ও শ্বাসতন্ত্র বিশেষজ্ঞরা। সাম্প্রতিক দুর্ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা ও চিকিৎসা পরিকল্পনা নিয়ে যৌথভাবে আলোচনা করেন দুই দেশের চিকিৎসকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত