ভারতে বিমান দুর্ঘটনা

দুর্ঘটনার চার দিন পর অসুস্থতার ছুটিতে এয়ার ইন্ডিয়ার ১১২ পাইলট

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৭:২৪ পিএম

ভারতের আহমেদাবাদে সম্প্রতি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের একটি বিমান দুর্ঘটনার চারদিন পর অসুস্থতাজনিত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন এয়ার ইন্ডিয়ার ১১২ পাইলট। ওই দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হন। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের জুনিয়র বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলিধর মোহল।

মোহল সংসদে বলেন, ওই দিন ৫১ জন কমান্ডার ও ৬১ জন ফ্লাইট অফিসার ছুটির আবেদন করেন। বিমান দুর্ঘটনার পর পাইলটদের মানসিক স্বাস্থ্য সচেতনতা ও ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এখানে স্পষ্ট।

লোকসভায় এক প্রশ্নের জবাবে তিনি জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এয়ারলাইন্সগুলোকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। নির্দেশনায় মেডিকেল পরীক্ষার সময় দ্রুত ও কার্যকরভাবে মানসিক স্বাস্থ্য মূল্যায়ন করার ব্যবস্থা রাখতে বলা হয়েছিল।

তিনি আরও বলেন, এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষকে বলা হয়েছে, ফ্লাইট ক্রু এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারদের মানসিক স্বাস্থ্য সমস্যা চিহ্নিত ও মোকাবিলা করার জন্য স্বতন্ত্র ও কাস্টমাইজড প্রশিক্ষণ কোর্স চালু করতে।

এদিকে, ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার এয়ার ইন্ডিয়াকে চারটি কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। নোটিশগুলো ক্রুদের ক্লান্তি ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ সংক্রান্ত নিরাপত্তা লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত।

এই নোটিশগুলো মূলত গত এক বছরে এয়ার ইন্ডিয়ার স্বেচ্ছায় দেওয়া তথ্যে ভিত্তি করে জারি করা হয়েছে, যা ক্রুদের বিশ্রামের সময়, প্রশিক্ষণের নিয়ম এবং পরিচালনাগত প্রক্রিয়ার লঙ্ঘনের বিষয় তুলে ধরেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত