খুলনার রাজনীতিতে নতুন করে যুক্ত হয়েছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে তিনি এলাকায় ব্যাপক তৎপরতা শুরু করেছেন। বিশেষত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। পাশাপাশি শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মধ্যে খাদ্যসামগ্রী, রেইনকোট এবং বস্ত্র বিতরণের মাধ্যমে মানবিক কাজে অংশ নিয়েছেন। তার এই মানবিক উদ্যোগে সুবিধাভোগীরা সন্তুষ্টি প্রকাশ করে তার সাফল্য কামনা করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, কয়েক মাস ধরে তিনি রূপসা, দিঘলিয়া ও তেরখাদা উপজেলায় ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় তেরখাদা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন তেরখাদা থানার ভারপ্রাপ্ত কমান্ডার শেখ শহিদুর রহমান। শেখ তবিবুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন বিএনপি নেতা সরদার আমির হোসেন, মো. বিল্লাল হোসেন, চৌধুরী আবুল খায়ের, সুনীল কুমার সাহা, লস্কর অলিয়র রহমান, মকবুল হোসেন, মো. মিজানুর রহমান, শেখ এনায়েত হোসেন, গোলাম মোর্তুজা, মো. হুমায়ুন কবির এবং মোল্লা মুজিবুর রহমান। এরপর বিকেল ৩টায় তিনি ৫০০ শ্রমজীবীর মধ্যে টি-শার্ট এবং প্রতিবন্ধীদের মধ্যে রেইনকোট বিতরণ করেন। এ ছাড়া তেরখাদা উপজেলা সদর, কোলাবাজার, মোকামপুর, লস্করপুর, পারহাজী এবং মল্লিকপুরে রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা-সংবলিত লিফলেট বিতরণ করেছেন।
এর আগে গত মঙ্গল ও বুধবার তিনি দিঘলিয়া উপজেলার গাজীরহাট ও মধুপুর ইউনিয়নে গণসংযোগ করেন। গাজীরহাট বাজার, মোল্লাডাঙ্গা, মাঝিরগাতী, মহিষদিয়াসহ তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় তিনি ৩১ দফার সমর্থনে প্রচারপত্র বিলি করেন।
পারভেজ মল্লিক জানান, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক প্রতিহিংসা, মামলা এবং পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে ২০১০ সালের ২৩ জুন তিনি দেশ ছেড়ে লন্ডনে চলে যান। প্রবাসে থাকলেও তিনি বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, প্রবাসে জনমত গঠনের পাশাপাশি বাংলাদেশে আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে আন্দোলনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং খুলনায় আলোচনায় ছিলেন। তবে খুলনার রাজনীতিতে তার সক্রিয় সম্পৃক্ততা ছিল সীমিত। এ প্রসঙ্গে পারভেজ মল্লিক বলেন, ‘আমি খুলনার পার্টি অফিসে বহুবার এসেছি, কিন্তু কাজ করার সুযোগ পাইনি।’
করোনা মহামারির সময় পারভেজ মল্লিকের নাম বিশেষভাবে আলোচিত হয়। নিজ এলাকা ও খুলনায় আর্থিক সহায়তা এবং সুরক্ষাসামগ্রী বিতরণের মাধ্যমে তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন।
