শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ২১ রোহিঙ্গা নারী-পুরুষকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক ৫ জন পুরুষ ও ৫ জন নারী এবং ১১ জন শিশু রয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাতে নাকুগাঁও সীমান্ত এলাকার ১১১৬ মেইন পিলার দিয়ে তাদের পুশইন করা হয়। ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নালিতাবাড়ী উপজেলার হাতিপাগাড় বিজিবি ক্যাম্পের আওতাধীন নাকুগাঁও সীমান্ত এলাকার ১১১৬ মেইন পিলার দিয়ে ১১ শিশুসহ ২১ রোহিঙ্গাকে পুশইন করে কিলাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পরে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখে।
বিজিবি আরও জানায়, আটকরা ৬টি পরিবারের সদস্য। তারা ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতের জম্মু-কাশ্মীরে যায় এবং সেখানে শ্রমিক হিসেবে হোটেলে ও বাসাবাড়িতে কাজ করত।
একমাস আগে ভারতীয় পুলিশের অভিযানে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তারা কক্সবাজারের উখিয়া ক্যাম্পে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক হিসেবে ছিল বলে পরিচয় দেয়। পরে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।
ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, আটকদের বিষয়ে আরও যাচাই-বাছাই করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
