বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টাকালে শিশুটির চিৎকারে গ্রামবাসী অভিযুক্ত সাইফুল ইসলামকে (৩৫) হাতেনাতে আটক করেন। আটক সাইফুল হাবিবপুর গ্রামের আবদুল ওয়াহেদের ছেলে।
ঘটনাটি ঘটেছে ২৪ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শাহাজাদপুর গ্রামের ইজাহারের বসতবাড়ীর একটি ঘরে। ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের মাধ্যমে পুলিশ খবর পেয়ে রাতে জনতা কর্তৃক আটক সাইফুলকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয়।
২৫ জুলাই কন্যা শিশুটির পিতা বিরামপুর থানায় এজাহার দাখিল করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক মামলাটি ৪১ নম্বরে রেকর্ডভুক্ত করেন নারী-শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০২০ এর ৯(৪)(খ) ধারায়।
ভূক্তভোগী ওই কন্যা শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার ১ম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা পেশায় একজন কৃষক।
এলাকাবাসী জানান, অভিযুক্ত সাইফুল ইসলাম উপজেলার শাহাজাদপুর গ্রামে বিয়ে করে গত কয়েকবছর ধরে বসবাস করছেন। তিনি পেশায় একজন ট্রাক্টর চালক। ইতিপূর্বে তিনি ৪টি বিয়ে করেছেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে ২৫ জুলাই দিনাজপুর পুলিশ কোর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠিয়েছেন।
