দর্শকের সঙ্গে তর্কে ব্যাখ্যায় নেইমার, অপমান করলে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৯:১১ পিএম

শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নতুন শুরু করতে চেয়েছিলেন নেইমার। কিন্তু মাঠের পারফরম্যান্স যেমন হতাশাজনক, তেমনি মাঠের বাইরেও শান্তিতে নেই ব্রাজিলিয়ান তারকা। সর্বশেষ ম্যাচে হারের পর এক দর্শকের সঙ্গে তর্কে জড়িয়ে খবরের শিরোনাম তিনি। পরে সামাজিক মাধ্যমে জানালেন, কেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি।

ব্রাজিলিয়ান সেরি আয় বৃহস্পতিবার সকালে ইন্তারনাসিওনালের কাছে ২-১ গোলে হারে সান্তোস। এতে অবনমন অঞ্চলে নেমে যায় ক্লাবটি। ম্যাচের যোগ করা সময়ে একবার বল নেইমারের শটে পোস্টে লেগে পড়ে গোললাইনে। নেইমার ভেবেছিলেন বল লাইন পেরিয়ে গেছে। শুরু করেন উদযাপন, এমনকি লাথি মেরে ভেঙে দেন কর্নার ফ্ল্যাগ। তবে রেফারি দেননি গোল, ক্ষুব্ধ নেইমার তখন হাঁটু গেড়ে প্রতিবাদ জানান।

শেষ বাঁশির পর এক দর্শকের সঙ্গে তর্কে জড়ান তিনি। ভিডিওতে দেখা যায়, গ্যালারির কাছে গিয়ে উত্তেজিত হয়ে কিছু বলছেন নেইমার। সতীর্থ গোলরক্ষক গিয়ে সরিয়ে আনেন তাকে।

রাতে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড লেখেন, ‘উত্তেজনার মুহূর্তে যখন আপনাকে অন্যায়ভাবে অপমান করা হয়, তখন অনুভূতি নিয়ন্ত্রণ করা কঠিন। খারাপ খেললে সমালোচনা হোক, দুয়ো হোক—সেটা মানতে পারি। কিন্তু ব্যক্তিগত অপমান সহ্য করা কঠিন।’

সৌদি ক্লাব আল-হিলাল থেকে চোট নিয়ে ফেরার পর জানুয়ারিতে সান্তোসে নাম লেখান নেইমার। তবে এখানেও চোটে জর্জরিত সময় কাটছে তার। এখন পর্যন্ত মাত্র ১৫ ম্যাচ খেলে করেছেন ৪ গোল।

তবুও ক্লাবটির প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে নেইমার লিখেছেন, ‘যেদিন ভক্তরা মনে করবে আমি আর দলের উপকারে আসছি না, আমিই প্রথমে বিদায় নেব। যতদিন মাঠে নামতে পারব, সান্তোসের জন্য আমি লড়াই করব, দৌড়াব, চিৎকার করব—প্রয়োজনে তর্কও করব!’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত