লক্ষ্মীপুরের রায়পুরে সড়ক দুর্ঘটনায় মরিয়ম আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে রায়পুর উপজেলার সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল হোসেনের মেয়ে। সে রায়পুরের রাখালিয়া দারুল উলুম মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় মরিয়ম ও তার দুই সহপাঠীকে চাপা দেয় লক্ষ্মীপুরগামী ‘আনন্দ পরিবহণ’-এর একটি দ্রুতগতির বাস। বাসচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায় মরিয়ম। আহত দুই শিক্ষার্থীকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকাবাসী এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে করে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘বাসচাপায় এক শিক্ষার্থী নিহত এবং দুইজন আহত হয়েছে। উত্তেজিত জনতা চালককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে কাজ করছে।’
