খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে ব্যাপক গোলাগুলি

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৭:৪৭ পিএম

খাগড়াছড়ির পানছড়ি পার্বত্য অঞ্চলের দুই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত) এবং জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু লারমা)—এর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।

রবিবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বাবুরা পাড়া এলাকায় এই সংঘর্ষ শুরু হয় এবং থেমে থেমে গোলাগুলি চলতে থাকে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, জেএসএস সন্তু লারমা দলের সদস্যরা পানছড়ির লোগাং উচ্চ বিদ্যালয়ের আশপাশের এলাকায় অবস্থান নিলে ইউপিডিএফ প্রসিত দলের সদস্যদের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। এতে বাবুরাপাড়া, করল্যাছড়ি ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘বেলা ২টার পর থেকেই গুলি চলতে থাকে। এখনো থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে। সবাই ঘরে আটকে আছে, বাইরে কেউ বের হচ্ছে না।’

পানছড়ি থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ‘আমরা লোকমুখে সংঘর্ষের খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম হওয়ায় পুলিশের পক্ষে এখনই পৌঁছানো সম্ভব হচ্ছে না। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত