ব্র্যাডম্যান গাভাস্কারের পাশে শুবমান গিল

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০১:২১ এএম

ভারতের বর্তমান ইংল্যান্ড সফরে ব্যাট হাতে একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছেন অধিনায়ক শুবমান গিল। বিশেষ করে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে কঠিন পরিস্থিতিতে দুর্দান্ত ইনিংস খেলে গড়েছেন এমন কিছু রেকর্ড, যা তাকে এক লাফে নিয়ে গেছে ডন ব্র্যাডম্যান ও সুনিল গাভাস্কারের পাশে। সঙ্গে ভেঙে দিয়েছেন তার আইডল বিরাট কোহলির একাধিক রেকর্ডও।

আগের দিনের ৭৮ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন লাঞ্চের আগে নিজের নবম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন গিল। এটি ছিল চলতি সিরিজে তার চতুর্থ শতক। এর মাধ্যমে বিদেশের মাটিতে একটি টেস্ট সিরিজে ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড এখন তার দখলে। এতদিন এ রেকর্ড ছিল বিরাট কোহলির ২০১৪-১৫ সালের অস্ট্রেলিয়া সফরে অধিনায়ক হিসেবে তিনটি সেঞ্চুরি করেছিলেন তিনি।

এই সেঞ্চুরির সুবাদে গিল জায়গা করে নিয়েছেন টেস্ট ইতিহাসের সোনালি পাতায়। অধিনায়ক হিসেবে একটি টেস্ট সিরিজে চারটি সেঞ্চুরির নজির আছে মাত্র কয়েকজনের। তাদের মধ্যে আছেন ভারতীয় কিংবদন্তি সুনিল গাভাস্কার (১৯৭৮, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে) এবং অস্ট্রেলিয়ান গ্রেট ডন ব্র্যাডম্যান (১৯৪৭-৪৮, ভারতের বিপক্ষে ঘরের মাঠে)। গাভাস্কার করেছিলেন ৬ ম্যাচে ৯ ইনিংসে, ব্র্যাডম্যান ৫ ম্যাচে ৬ ইনিংসে, আর গিল করেছেন ৪ টেস্টে ৮ ইনিংসে।

শুধু সেঞ্চুরি নয়, টেস্ট সিরিজে রানের হিসাবে বিরাট কোহলিকেও পেছনে ফেলেছেন গিল। ২০১৪/১৫ অস্ট্রেলিয়া সফরে কোহলির ৬৯২ রান ছিল বিদেশে একটি সিরিজে ভারতের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সংগ্রহ। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের চতুর্থ দিনে গিল সেই রেকর্ডও ভেঙে দেন। এখন পর্যন্ত তার সংগ্রহ ৭২২ রান। এর বাইরে ২০১৬-১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অধিনায়ক কোহলি করেছিলেন ৬৫৫ রান সেই রেকর্ডও ছাড়িয়ে গিয়েছেন গিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত