জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ‘ওয়াকআউট’

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০১:০০ পিএম

দুদকসহ সাংবিধানিক চারটি প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ায় ভিন্নমতের কারণে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ‘ওয়াকআউট’ করে বিএনপি।

আজ সোমবার (২৮ জুলাই) সকালে কমিশনের ২০তম সভায় নির্ধারিত আলোচনায় অংশ না নিয়েই বৈঠক ত্যাগ করে বিএনপির প্রতিনিধিদল।

এর মধ্যে রয়েছে- দুর্নীতি দমন কমিশন (দুদক), সরকারি কর্ম কমিশন (পিএসসি), ন‍্যায়পাল নিয়োগ এবং মহাহিসাবরক্ষকের কার্যালয়ে নিয়োগের জন্য পৃথক ও স্বচ্ছ নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব। এসব বিষয়ে একমত না হওয়ায় বৈঠকে থেকে বেরিয়ে যায় বিএনপি।

জানা গেছে, সংবিধিবদ্ধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর বিএনপি আগেই প্রস্তাব দিয়েছে। আজ আবার বিষয়টি নতুন করে আলোচনায় আনা হয়। এজন্য বিএনপি সাময়িক সময়ের জন্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করে। 

‘ওয়াকআউট’ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার চেষ্টা চলছে। এ রকম হলে সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, তা পূরণ হবে না। এরপর বৈঠকে আবারও যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি জানান, আলোচনায় যোগ দিয়ে বিএনপি তার অবস্থান তুলে ধরবে।
 

এর আগে, কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, অমিমাংসিত বিষয়গুলো নিয়ে আজ আলোচনা হবে। বেশ কিছু বড় ইস্যুতে অগ্রগতি হয়েছে। তিনি জানান, কমিশনের প্রস্তাবনাগুলো বারবার সংশোধন করা হয়েছে, যাতে সব দল একমত হতে পারে। এ পর্যন্ত ২০টি বিষয়ের মধ্যে ১২টি বিষয়ে ঐকমত্য হয়েছে। বাকিগুলোতে চেষ্টা চলছে। আজকে নারী আসনে নির্বাচন পদ্ধতি ও অমিমাংসীত বিষয়ে আলোচনা করবে কমিশন।

এর আগে গত ২৩ জুলাইও জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ১০ মিনিটের জন্য প্রতীকী ওয়াকআউট করেছিল সিপিবি, জাসদ ও বাসদ। উত্তরা দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থী-অভিভাবকদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলার প্রতিবাদে তারা এ পদক্ষেপ নেয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত