বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মার্কেটিং, ব্র্যান্ডিং ও বাণিজ্যিক কৌশলগত পরিকল্পনায় অংশ নিতে পাঁচটি প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে প্রস্তাব জমা দিয়েছে। এর মধ্যে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইতোমধ্যেই আইপিএল, পিএসএল, আইএলটি–২০ ও লেজেন্ডস লিগের মতো শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছে।
বিসিবির এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এ বিষয়ে তিনি বলেন, 'প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি স্থানীয়, বাকিগুলো আন্তর্জাতিক। এদের রয়েছে বিশ্বমানের লিগে কাজ করার অভিজ্ঞতা।'
চলতি মাসের শুরুতে বিপিএলের জন্য স্ট্র্যাটেজিক মার্কেটিং, ব্র্যান্ডিং ও বাণিজ্যিক পরামর্শদাতা সেবা নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আগ্রহপত্র (ইওআই) আহ্বান করে বিসিবি। সেই আহ্বানে সাড়া দিয়ে ২৬ জুলাই পর্যন্ত প্রস্তাব জমা দেয় পাঁচ প্রতিষ্ঠান।
প্রথমবারের মতো বিপিএলের কৌশলগত ও বাণিজ্যিক দায়িত্ব কোনো বাইরের প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে যাচ্ছে বিসিবি। এতদিন টুর্নামেন্টের পুরো ব্যবস্থাপনাই পরিচালিত হতো বোর্ডের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায়।
বিসিবির কর্মকর্তারা মনে করছেন, এর মাধ্যমে বিপিএলের বাণিজ্যিক মূল্য বাড়বে এবং টুর্নামেন্টটি আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। এক কর্মকর্তার ভাষ্য, 'আমরা চাই, বিপিএল শুধুই একটি ঘরোয়া আয়োজন না থেকে আন্তর্জাতিক মানের একটি ব্র্যান্ডে রূপ নিক।'
বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগ এখন আর কেবল খেলার আয়োজন নয়, এটি পরিণত হয়েছে বাণিজ্যিক বিনিয়োগ, বৈশ্বিক সম্প্রচার ও আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে। সেই ধারাবাহিকতায় বিসিবিও চায় বিপিএলকে উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোর সারিতে তুলে ধরতে।
ইওআই জমাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব বিশ্লেষণ করে বিসিবি বাছাই করবে উপযুক্ত অংশীদার। নির্বাচিত প্রতিষ্ঠান বিপিএলের বিপণন কৌশল, ব্র্যান্ড উন্নয়ন, স্পনসরশিপ, সম্প্রচার স্বত্ব ও বাণিজ্যিক কাঠামো নিয়ে বিসিবির সঙ্গে যৌথভাবে কাজ করবে।
বিপিএলের আগামী আসরের আগেই নতুন এই ব্যবস্থাপনা কার্যকর করার পরিকল্পনা রয়েছে বিসিবির। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী বিপিএল আসরেই দেখা যেতে পারে দৃশ্যমান পরিবর্তন।
বিপিএলের এই পেশাদার ব্যবস্থাপনায় যাওয়ার উদ্যোগ সময়োপযোগী বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে এবং টুর্নামেন্টটিকে আন্তর্জাতিকভাবে আরও আকর্ষণীয় করে তুলতে এ ধরনের পরিকল্পনা দীর্ঘদিন ধরেই ছিল সময়ের দাবি। এখন দেখার বিষয়, বাস্তবায়নের মঞ্চে বিসিবি কতটা সফল হয়।
এনসিএলে বিদেশি খেলোয়াড়, বিসিএলে আসতে পারে বিদেশি দল
বিতর্কের কেন্দ্রে বেন স্টোকস, 'এতটা অপেশাদার আচরণ অপ্রত্যাশিত'