শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৫:০৮ পিএম

সীমান্তে চলমান সংঘাতের অবসানে তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এ যুদ্ধবিরতি সোমবার রাত ১২টা (স্থানীয় সময়) থেকে কার্যকর হবে।

সোমবার (২৮ জুলাই) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দেন। কুয়ালালামপুরে উচ্চপর্যায়ের এক বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়।

আনোয়ার ইব্রাহিম বলেন, দুই দেশের নেতারা যুদ্ধবিরতি মেনে নিয়েছে, সোমবার মধ্যরাত থেকে শর্তহীন যুদ্ধবিরতিতে প্রবেশ করবে থাইল্যান্ড ও কম্বোডিয়া। গত পাঁচ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ ও পাল্টা হামলায় দুই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সোমবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ‘সেরি পেরদানা’-তে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের মধ্যে বৈঠক হয়। আলোচনায় যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিরাও মধ্যস্থতা করেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই নেতাকে ফোন করে শান্তির আহ্বান জানান।

আসিয়ানের চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। তবে বৈঠকের আগ পর্যন্ত সীমান্তে গোলাবর্ষণ অব্যাহত ছিল। থাইল্যান্ড অভিযোগ করে, কম্বোডিয়ার উদ্দেশ্য সৎ নয়। কম্বোডিয়া দাবি করে, থাইল্যান্ড তাদের ভূখণ্ডে সৈন্য ও ভারী অস্ত্র মোতায়েন করেছে।

এ সংঘাতে অন্তত ৩৫ জন নিহত ও ২০০ জন আহত হয়েছে। দশক ধরে চলা সীমান্ত বিরোধ এবারই সবচেয়ে গুরুতর আকার ধারণ করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত