লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ‘লালমনিরহাট এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের অদূরে বিডিআর গেট সংলগ্ন ওয়ার্কশেডের পাশে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্র ও রেল বিভাগের বরাতে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে স্টেশনে পৌঁছে যাত্রী নামিয়ে দেয়। এরপর সেটি পরিষ্কারের উদ্দেশ্যে ওয়ার্কসেডের দিকে এগোচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৬৬ নম্বর বুড়িমারী কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশের চেষ্টা করছিল। একই লাইনে থাকার কারণে ট্রেন দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বুড়িমারী কমিউটার ট্রেনটির ধাক্কায় লালমনিরহাট এক্সপ্রেসের দুটি রেক লাইনচ্যুত হয় এবং রেললাইন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। লালমনিরহাট এক্সপ্রেসে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও বুড়িমারী কমিউটার ট্রেনে যাত্রী থাকা সত্ত্বেও কেউ হতাহত হয়নি বলে রেল বিভাগ নিশ্চিত করেছে।
দুর্ঘটনার পর সাময়িকভাবে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে উদ্ধার কাজ শেষে রেললাইন সচল হলে বিকালের দিকে রুটটিতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে।
বিডিআর গেট এলাকার ব্যবসায়ী রশিদুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো লালমনি এক্সপ্রেসটি ট্রেনটি পরিষ্কারের জন্য লোকসেডে ঢোকার মূহুর্তে কমিউটার ট্রেনটি ধাক্কা দেয়। দুর্ঘটনার পরই লালমনিরহাট সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সেখানে দায়িত্ব পালন করে।
ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা আরএমবি বেনজির আহমেদ বলেন, ‘যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। নিরাপত্তার দায়িত্বে পুলিশ মোতায়েন রয়েছে এবং উদ্ধার কাজ চলছে।’
লালমনিরহাট রেলওয়ের লোকো দপ্তরের ডিএমই তাজিন হাসান বলেন, ‘এই দুর্ঘটনায় কারও গাফিলতি আছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরো বলেন, রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর রেক ও লাইন মেরামতের কাজ শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলেও জানান তিনি।
