বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি শুরু হয়েছে।
আজ সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ২ এ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরে শুনানি করেন।
প্রসিকিউশনের শুনানি শেষে আগামীকাল মঙ্গলবার আসামিপক্ষের আইনজীবীদের শুনানির দিন ধার্য করে ট্রাইব্যুনাল। আজ এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ৬ আসামিকে ট্রাইব্যুনালের কাটগড়ায় হাজির করা হয়।
এর আগে গত ৩০ জুন এ হত্যা মামলায় ৩০ জনের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ওই দিন বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য (ভিসি) মো. হাসিবুর রশীদসহ ২৬ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আদালত। এরপর গত ১৩ জুলাই পলাতক ২৪ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই বেরোবির সামনে পার্ক মোড়ে আবু সাঈদকে গুলি করে পুলিশ। পরে তিনি মারা যান। বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ জুলাই-আগস্ট গণঅভ্যত্থানের প্রথম শহীদ। আবু সাঈদ হত্যার পর সারা দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর ধারাবাহিকতায় গণঅভ্যূত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।
এদিকে গণ অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে মৃত্যুর পর ৬ লাশ পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৭ আগস্ট ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ২। আজ এ দিন ধার্যের পাশাপাশি এ মামলায় পলাতক ৮ আসামির পক্ষে শুনানি করতে স্টেট ডিফেন্স কাউন্সেল (রাষ্ট্র নিযুক্ত আইনজীবী) হিসেবে দুজন আইনজীবীকে নিযুক্ত করে আদালত।
এ ছাড়া অভ্যুত্থানের সময় লক্ষীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তিন আসামি শাহীন আলম, মো. হুমায়ুন কবীর পাটোয়ারী ও মো. সালাউদ্দিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন একই ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ তিনজনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
