রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে সুপ্রিম কোর্টের ‘বার্ষিক প্রতিবেদন ২০২৪’ পেশ করা হয়েছে। আজ সোমবার দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত জাজেস কমিটির সদস্যরা বঙ্গভবনে গিয়ে এ প্রতিবেদন রাষ্ট্রপতির হাতে তুলে দেন।
সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতির সঙ্গে আরও ছিলেন বার্ষিক প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত জাজেস কমিটির চেয়ারম্যান, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম, বিচারপতি কাজী জিনাত হক, বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহ। সাক্ষাৎকালে কমিটির সদস্যরা বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
