সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সোমবার নতুন মাত্রা যুক্ত হলো। প্রতিবাদস্বরূপ এদিন বিশ্ববিদ্যলয়টির অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ সংলগ্ন পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাস্তার উপর প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
রোদ-বৃষ্টি মাথায় ছাত্র-ছাত্রীরা প্রায় এক ঘন্টা এই প্রতিকী ক্লাসে অংশ নেয়। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেন।
বাংলা, ম্যানেজমেন্ট, সমাজবিজ্ঞান, অর্থনীতি ও সংগীত বিভাগের বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীরা খোলা আকাশের নিচে রাস্তার ওপর এই প্রতীকী ক্লাসে অংশ নেয়। ক্লাস চলে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। এ সময় মহাসড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় মানুষকে দুর্ভোগে পোহাতে হয়েছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টি ৯ বছর আগে প্রতিষ্ঠা লাভ করলেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় স্থায়ী ক্যাম্পাসের দাবিতে দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীরা আন্দোলন করলেও সেটি বাস্তবায়ন হয়নি।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, এখন তাদের একটাই দাবি দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির অনুমোদন ও পূর্ণ বাস্তবায়ন করতে হবে।
আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান উদ্দিন জানান, আমাদের বুকে রক্তক্ষরণ হচ্ছে দাবি আদায় না হলে আজ মঙ্গলবারও একই সময় মহাসড়ক অবরোধ করে রাস্তার ওপর তারা ক্লাস করবেন।
