ভারতের কোচ গম্ভীরের সঙ্গে ওভাল গ্রাউন্ডসম্যানের বাহাস

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৯:৪৪ পিএম

ওভালে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্ট শুরুর আগেই ভারতীয় শিবিরে চরম উত্তেজনা। মঙ্গলবার সকালে নেট সেশনের সময় ওভাল মাঠের কিউরেটর লি ফোরটিসের সঙ্গে প্রকাশ্যে ঝামেলায় জড়ান ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।

মেইল স্পোর্টস জানাচ্ছে, ভারতীয় খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নেট সেশনের সময় মাঠের মূল স্কয়ারের সংরক্ষিত অংশে যাওয়া এবং সেখানে ক্রিকেট সরঞ্জাম টানার কারণে গম্ভীরকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করেন কিউরেটর ফোরটিস। ফোরটিসের আশঙ্কা, এই আচরণে মাঠের মান ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে ব্যাগের চাকায় এবং বুটের কারণে।

তবে ভারতীয় কোচ গম্ভীর এসব কথা ভালোভাবে নেননি। ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, ফোরটিসকে তিনি স্পষ্টভাবে বলেন, “You don’t tell me what to do.” অর্থাৎ, “আমাকে কী করতে হবে সেটা আপনি বলে দিতে পারেন না।”

বিষয়টি আরও বাড়ার আগে ভারতীয় ব্যাটিং কোচ শিতাংশু কোঠাক শান্তভাবে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে তখনই ঘটনাস্থলে উপস্থিত ভারতীয় সাংবাদিকরা ফোরটিসকে ঘিরে ধরেন তার বক্তব্য জানতে।

রেভস্পোর্টজ গ্লোবাল প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ফোরটিসকে প্রশ্ন করা হয়, তিনি কি গম্ভীরকে "সংবেদনশীল" ব্যক্তি বলেছেন? জবাবে তিনি সরাসরি কিছু না বললেও বলেন, “আমি খুশি কিনা সেটা গুরুত্বপূর্ণ না... আপনি দেখেছেন সকালে কী হয়েছিল। গম্ভীরকে জিজ্ঞাসা করুন।”

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ফোরটিস গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ জানানোর হুমকি দেন। জবাবে গম্ভীর বলেন, “আপনি যেখানে খুশি অভিযোগ করুন, কিন্তু আমাদের নির্দেশ দেওয়ার অধিকার আপনার নেই।”

পরে ব্যাটিং কোচ কোঠাক জানান, “ওরা একজন লোক পাঠিয়েছিল মাঠের পিচ থেকে ২.৫ মিটার দূরে থাকার নির্দেশ দিতে। আমরা তখন রাবার স্পাইক পরা জগার্স পরে ছিলাম। কেউই ভুল কিছু করছিল না। কিউরেটরদের পিচ নিয়ে স্পর্শকাতরতা আমরা বুঝি। কিন্তু সংরক্ষণের চেয়ে বেশি যদি অহংকার দেখানো হয়, সেটা ঠিক নয়। এটা তো কোনো প্রাচীন নিদর্শন নয় যেটা ছোঁয়া যাবে না। তিনি বললেন, ওখানে ঘাস বাড়ানো হচ্ছে। কিন্তু দিন শেষে এটা একটি ক্রিকেট পিচ।”

তিনি আরও জানান, “আমরা অভিযোগ করব না। সবাই জানে, ওভালের এই কিউরেটরের সঙ্গে কাজ করা সহজ নয়।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত